ঢাকারবিবার , ২১ জুন ২০২৬

অস্ট্রিয়া ম্যাচে তিন রেকর্ড গড়তে মাঠে নামবেন মেসি

স্পোর্টস ডেস্ক
জুন ২১, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজেকে এমন এক পর্যায়ে নিয়েছেন লিওনেল মেসি, মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ড গড়েন তিনি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে যেমন বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন।

সেই ম্যাচের তিন গোল করে পেয়েছেন বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক। তাতে ছুঁয়েছেন সর্বোচ্চ গোলের কীর্তি। ১৬ গোল নিয়ে বর্তমানে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি। এবার তাকে ছাড়িয়ে যাওয়ার পালা।

এক গোল করলেই রেকর্ডটা নিজের করে নেবেন আর্জেন্টিনার অধিনায়ক।

ক্লোসার আরেকটি রেকর্ডও কেড়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন মেসি। বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের। দুজনেরই ম্যাচ জয়ের সংখ্যা এখন ১৬।

বিপরীতে রবার্তো রিভেলিনোর এক রেকর্ড ভাঙার সুযোগ পাচ্ছেন মেসি। বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোল করার রেকর্ড। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপ মিলিয়ে ৫ গোল করেছিলেন ব্রাজিল কিংবদন্তি। আলজেরিয়ার বিপক্ষে গোল করে তার পাশে বসেন। এবার অস্ট্রিয়ার বিপক্ষে সেলেসাওয়ের বিশ্বকাপজয়ী তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন মেসি।

অস্ট্রিয়ার বিপক্ষে আগামীকাল রাত ১১টায় ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটি ডালাসে খেলবে আলবিসেলেস্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।