ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে উপজেলা প্রশাসন আয়োজিত ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। রবিবার (২২ জুন) বিকেলে আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলন, খেলোয়াড়দের পরিচিতি পর্ব এবং মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার ও উপজেলা পিএইও মোঃ সৈকতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান এবং সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে পুরো উপজেলায় সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতেই এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
