ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬

ফরিদপুরে পেঁয়াজের বাজার ধস, চরম লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

ফরিদপুর জেলা প্রতিনিধি ইমরান মোল্লা
জুন ২৩, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল হাটে পেঁয়াজের বাজারে বড় ধরনের ধস নেমেছে। সোমবার (২৩ জুন) হাটে প্রতি মন পেঁয়াজ ৮০০ থেকে ৯৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। উৎপাদন খরচের তুলনায় বাজারদর অনেক কম হওয়ায় কৃষকরা চরম হতাশা ও লোকসানের মুখে পড়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ও মেসার্স তাওহীদ ট্রেডার্স এর স্বত্বাধিকারী আল মামুন চৌধুরী আশা জানান, “এত কম দামে পেঁয়াজ বিক্রি হওয়ায় কৃষকেরা খুবই হতাশ। বাজার এভাবে আরও কমতে থাকলে আগামী বছর অনেক কৃষকই পেঁয়াজ চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।”


তিনি আরও বলেন, “সারা দেশে পেঁয়াজের উৎপাদন বেশি হওয়া এবং হাটে অতিরিক্ত আমদানি থাকায় বাজারে দাম কমে গেছে। অথচ একজন কৃষকের প্রতি মন পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে প্রায় ১৫০০ থেকে ১৬০০ টাকা। সেখানে তারা বিক্রি করছেন মাত্র ৮০০ থেকে ৯০০ টাকায়। ফলে কৃষকদের পাশাপাশি ব্যবসায়ীরাও বড় ধরনের লোকসানের সম্মুখীন হচ্ছেন।”
ব্যবসায়ীরা জানান, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে পেঁয়াজ উৎপাদনের ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় কৃষকদের বিনিয়োগই উঠে আসছে না। দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজ পাঠানো ব্যবসায়ীরাও প্রতি চালানে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
স্থানীয় কৃষকদের দাবি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে কৃষকেরা পেঁয়াজ চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।