দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উদ্বোধন করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ল্যাব’। একই সঙ্গে উদ্বোধন করা হয় এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬।
শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।

অনুষ্ঠানে ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান সভাপতিত্ব করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কেবল একটি প্রযুক্তি নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা ও প্রশাসনসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। তিনি বলেন, নতুন এই গবেষণা ল্যাব শিক্ষার্থীদের আধুনিক এআই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন, গবেষণা পরিচালনা, উদ্ভাবনী প্রোটোটাইপ তৈরি এবং শিল্প-উপযোগী সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দেশের ডিজিটাল রূপান্তরকে আরও শক্তিশালী করতে সরকার গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিচ্ছে। এ ধরনের উদ্যোগ প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, বিশ্ববিদ্যালয়গুলো দক্ষ এআই ডেভেলপার তৈরি, গবেষণার অগ্রগতি এবং বাস্তবমুখী উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রযুক্তিভিত্তিক অর্থনীতিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬-এর বিজয়ী তিনটি দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এআই গবেষণা ল্যাব বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও সরকারের মধ্যে সহযোগিতা জোরদারের পাশাপাশি দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
