প্রশ্নপত্র ফাঁস নিয়ে কয়েকদিন ধরে উত্তপ্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। নতুনভাবে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযানের পরদিনই বহুল আলোচিত নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘প্রশ্নফাঁস একটি মহাপাপ। এটা রুখে দেওয়ার দায়িত্ব পুরো দেশের।’ একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে গত সোমবার নিট-ইউজি পরীক্ষা বাতিল এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে এক বিশাল সংসদ অভিযানের ডাক দেয় ‘ককরোচ জনতা পার্টি’। প্রায় ২০ হাজার আন্দোলনকারী, যাদের বড় অংশই ছাত্র-যুব, পুলিশের ব্যারিকেড ও নিষেধাজ্ঞা ভেঙে সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ পরিচালনা এবং অনেককে আটক করে।
এদিকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে টানা আন্দোলনের মুখে সিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা আন্দোলনকারীদের কাছ থেকে লিখিত দাবি গ্রহণ করেন এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। অন্যদিকে, এই উত্তাল পরিস্থিতির মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মধ্যে প্রায় চার ঘণ্টাব্যাপী এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
যদিও সরকারের আলোচনার পরও সিজেপি ও সোনম ওয়াংচুক তাদের মূল দাবিতে অনড় রয়েছেন এবং শিক্ষামন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
