জলবায়ু পরিবর্তন, পরিবেশগত মানবাধিকার এবং ন্যায়সংগত রূপান্তর বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে নওগাঁয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ডাসকো ফাউন্ডেশন।
রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের একটি হোটেলে শুরু হওয়া এই প্রশিক্ষণ বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে জেলার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট মিডিয়া ও স্যাটেলাইট টেলিভিশনের সংবাদকর্মীরা অংশ নেন।
“Environmental Human Rights for a Just Transition: Strengthened Local CSOs Transforming Climate Hotspots into Resilient Communities (ENGAGE)” শীর্ষক এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত মানবাধিকার এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের ফলে নওগাঁ জেলার পরিবেশগত সংকট, খরা, পানির স্তর নিচে নেমে যাওয়া, বৃক্ষনিধন, কৃষি ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসব সংকটের কারণ ও সম্ভাব্য সমাধান নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
কর্মশালার একটি গুরুত্বপূর্ণ পর্বে সাংবাদিকদের কয়েকটি দলে ভাগ করে নওগাঁর পরিবেশ বিপর্যয়ের কারণ, স্থানীয় বাস্তবতা এবং করণীয় নিয়ে আলোচনা ও উপস্থাপনার সুযোগ দেওয়া হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের তথ্য তুলে ধরেন।
প্রশিক্ষণে পরিবেশগত মানবাধিকার, জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার এবং দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা ভবিষ্যতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক আরও অনুসন্ধানী, তথ্যসমৃদ্ধ ও মানবাধিকারভিত্তিক প্রতিবেদন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
