হোয়াটসঅ্যাপ এবার সরাসরি ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা চালু করেছে। এর ফলে আলাদা করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন নামানো ছাড়াই ব্যবহারকারীরা ব্রাউজার থেকেই কল করতে পারবেন।
মঙ্গলবার এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি বলেছে, নতুন এই সুবিধায় ব্যক্তিগত ও গ্রুপ—দুই ধরনের কলই করা যাবে। পাশাপাশি স্ক্রিন ভাগাভাগি, প্রতিক্রিয়া জানানোর সুযোগ এবং কলের ইতিহাস ও পছন্দের তালিকা দেখার জন্য আলাদা কল বিভাগও যুক্ত করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ জানায়, যারা যৌথভাবে ব্যবহৃত কম্পিউটার ব্যবহার করেন, কর্মস্থলের এমন কম্পিউটারে কাজ করেন যেখানে অ্যাপ্লিকেশন নামানোর অনুমতি নেই, অথবা ব্রাউজার ব্যবহারেই স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা এখন ব্রাউজার থেকেই সহজে কল করতে পারবেন।
নতুন হালনাগাদে ‘কল ট্রান্সফার’ নামে আরেকটি সুবিধাও যোগ করা হয়েছে। এর মাধ্যমে চলমান গ্রুপ কল মোবাইল ফোন থেকে কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রে সংযোগ বিচ্ছিন্ন না করেই স্থানান্তর করা যাবে।
গ্রুপ কল আরও নিরাপদ করতে ‘ওয়েটিং রুম’ সুবিধাও চালু করা হয়েছে। কলের লিংক তৈরির সময় ‘যোগদানের আগে অনুমোদন’ চালু থাকলে নতুন অংশগ্রহণকারীরা একটি ভার্চ্যুয়াল অপেক্ষাকক্ষে থাকবেন। আয়োজক অনুমতি দেওয়ার পরই তারা কলে যোগ দিতে পারবেন।
এ ছাড়া কলের মান উন্নত করতে দুটি নতুন প্রযুক্তিও যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এর একটি উচ্চমানের ভিডিও সুবিধা, যা কল শুরুর সঙ্গে সঙ্গেই উন্নত ভিডিওমান নিশ্চিত করবে। অন্যটি শব্দ দমন প্রযুক্তি, যা আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে কণ্ঠ আরও পরিষ্কারভাবে শোনাতে সহায়তা করবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
