ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬

গোল্ডেন লাইন বাস -মাহিন্দ্রোর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫

Link Copied!

রাজবাড়ীর পাংশা ও কালুখালীর মাঝখানে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রোর মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রো চালক নিহত। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান বাবলু (৫৫) কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের সাদেক শেখের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশার চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রাজবাড়ীগামী মাহিন্দ্রোর মুখোমুখি সংঘর্ষ হয়। মাহিন্দ্রোটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রো চালক আব্দুর রহমান বাবলুকে মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, ” মাহিন্দ্রো চালকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নিলোৎপল বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।