ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহঃ শাহনুর জামান-এর সঙ্গে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখার সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে ব্যবসায়ীদের অনিয়ম রোধ, জনসাধারণের ভোগান্তি কমানো এবং যানজট নিরসনে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা ক্যাবের সভাপতি মো. সেকেন্দার আলম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ একটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ক্যাব ওতপ্রোতভাবে জড়িত। আলফাডাঙ্গায় কোনো ব্যবসায়ী যেন অনিয়ম, দুর্নীতি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে পার পেয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। যেকোনো অনিয়ম নিরসনে উপজেলা ক্যাব প্রশাসনের সঙ্গে সার্বিকভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, আলফাডাঙ্গা বাজার ছোট হওয়ায় বিভিন্ন সময়ে অতিরিক্ত যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাঁচাবাজার, ভ্যানস্ট্যান্ড ও মাছবাজার নির্ধারিত স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
নবাগত ইউএনও মুহঃ শাহনুর জামান বলেন, ক্যাব সদস্যদের প্রতিটি কথা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলফাডাঙ্গা উপজেলার মানুষের জন্য ভালো কিছু করে যেতে চাই। এ কাজে ক্যাবসহ সবার সহযোগিতা কামনা করছি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আলিমুজ্জামান, ক্যাবের সহ-সভাপতি আলহাজ্ব মো. কামরুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. শাহিদুল ইসলাম, সিনিয়র সদস্য আজিজুর রহমান দুলাল, উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. আমিরুল ইসলাম, ক্যাবের নির্বাহী সদস্য সাংবাদিক মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক হারুর-অর রশীদ, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি কুতুব উদ্দীন ফরিদী, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাংবাদিক মো. এনামুল হক রুবেল, সাংবাদিক মো. আবু বক্কর সিদ্দিক বাধন, সদস্য সহিদুল ইসলাম সহিদ, সাংবাদিক হাফেজ মো. ফেরদৌস খান, সদস্য মো. হাসমত শেখসহ ক্যাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
