ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬

১০ দিনেও উদ্ধার হয়নি ২ বছরের শিশু মিম, নিখোঁজ নাকি অপহরণ—ধোঁয়াশায় পরিবার।

আশা চৌধুরী নিজস্ব প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর আশুলিয়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি দুই বছর বয়সী শিশু মিম আক্তারের। সে জীবিত নাকি মৃত—তা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনরা। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও স্পষ্ট কোনো তথ্য না পাওয়ায় শিশুটির পরিবারে এখন শুধুই আহাজারি।
​নিখোঁজ মিম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের শাহীন আলম ও রাবেয়া বেগম দম্পতির ছোট মেয়ে। তারা বর্তমানে ঢাকার আশুলিয়ার বাইফাইল আলফা গেট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। জীবিকার প্রয়োজনে মিমের মা রাবেয়া বেগম স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
​পরিবার সূত্রে জানা যায়, গত ১০ দিন আগে বাইফাইল আলফা গেট এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় মিম। স্বজনদের অভিযোগ, শিশুটিকে কৌশলে অপহরণ করা হয়েছে। নিখোঁজের পর থেকে নিকটাত্মীয়দের বাড়িসহ আশপাশের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে জানানো হলেও ১০ দিনেও শিশুটির কোনো সূত্র মেলাতে পারেনি তারা।
​সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা রাবেয়া বেগম বলেন, “১০টা দিন ধরে বুকের ভেতর কী যন্ত্রণা হচ্ছে তা বোঝাতে পারব না। আমার ছোট বাচ্চাটা কোথায় আছে, খেয়েছে কি না, নাকি মেরে ফেলা হয়েছে—কিছুই জানি না। প্রশাসনের কাছে আকুতি, আমার কোল খালি করবেন না, আমার সন্তানকে ফেরত এনে দিন।”
​এদিকে ঘটনার এত দিন পেরিয়ে গেলেও উদ্ধার কার্যক্রমে পুলিশের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে শিশুটির স্বজনদের মাঝে। বিষয়টি নিয়ে আশুলিয়া থানার একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
​সন্তানকে দ্রুত ও সুস্থ অবস্থায় বুকে ফিরে পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।