ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে কালীবাড়ি মন্দিরে চুরি: কষ্টিপাথরের কালীমূর্তিসহ উদ্ধার, আলফাডাঙ্গার মা-ছেলেসহ গ্রেপ্তার ৪।

আশা চৌধুরী স্টাফ রিপোর্টার,
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনায় চুরি যাওয়া প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও বিভিন্ন প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আলফাডাঙ্গার মা-ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামের আকবর শেখের ছেলে আসাদুজ্জামান সাদ্দাম (৩৮) ও তাঁর মা সাজেদা বেগম (৬৫)। অপর দুজন হলেন বোয়ালমারী উপজেলার কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) এবং বোয়ালমারী এলাকার আতিয়ার রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি এসব তথ্য জানান।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর রাতে পুরাতন কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনা ঘটে। পরদিন ২০ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা হলে চোরদের শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আলফাডাঙ্গার বুড়াইচ গ্রামে আসাদুজ্জামান সাদ্দামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তাঁর মা সাজেদা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রান্নাঘরের মাটির নিচ থেকে চুরি যাওয়া স্বর্ণ ও রৌপ্যের অলংকার এবং ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার সাদ্দাম ও আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারী উপজেলার রূপাপাত এলাকার একটি বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
এ ছাড়া বোয়ালমারী বাজারের একটি জুয়েলারি দোকান থেকে গলানো অবস্থায় প্রায় আট আনা ওজনের চোরাই স্বর্ণ জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গ্রেপ্তার আসাদুজ্জামান সাদ্দামকে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগেও কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের ঘটনায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। চলতি বছরের ১৮ জানুয়ারি তাঁর বাড়িতে অভিযান চালিয়ে র‍্যাব ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছিল। ওই মামলায় সম্প্রতি জামিনে মুক্তির পর তিনি পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়েছেন বলে পুলিশের দাবি।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং চুরি যাওয়া আরও কোনো সামগ্রী উদ্ধার করা যায় কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।