ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম
অক্টোবর ১০, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে সাভার নামাবাজারের পঞ্চবটী আশ্রমে সাভার পৌরসভার ৪৬টি পূজামন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সভায় বক্তব্য দিতে গিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মানুষের মধ্যে নানা ধরনের আশঙ্কা থাকতে পারে। তবে সেই আশঙ্কা যেন কোনোভাবেই বাস্তবে রূপ না নেয়, সে জন্য পূজা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে এবং সার্বিক পরিস্থিতির ওপর কঠোর নজরদারি বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, তা কারও কাম্য নয়। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে তাদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সব সময় সজাগ রয়েছেন। পূজা উদ্‌যাপনকে কেন্দ্র করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে, এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, ঐতিহ্যবাহী সাভার-আশুলিয়ায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করবেন। কেউ ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে সফল হতে দেওয়া হবে না। সাভার-আশুলিয়ায় সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাই এ উৎসবকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সহযোগিতায় সাভারের সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে কেউ পরিকল্পিতভাবে পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বরুণ ভৌমিক নয়ন, সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মো. আশরাফ উদ্দিন খান, শহীদ মজনু ফাউন্ডেশনের মহাসচিব নাজমুল হাসান অভি এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পূজামণ্ডপের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা, সতর্কতা এবং সার্বিক নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে সাভার পৌরসভার ৪৬টি পূজামন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে দুর্গাপূজা উদ্‌যাপনের জন্য নগদ অর্থ তুলে দেন সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশার মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।