যশোরের কোতোয়ালি মডেল থানা এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে আনোয়ারা বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে মো. মামুনুর রশিদ ওরফে মামুন (৪৫)-কে অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন দেয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম বাজে দুর্গাপুর গ্রামের আলতাফ হোসেন মাস্টার (অবসরপ্রাপ্ত)-এর স্ত্রী। অভিযুক্ত মামুনুর রশিদ পেশায় একজন শিক্ষক এবং তিনি লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে মামুনুর রশিদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ধারালো বটি দিয়ে মাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
স্থানীয়দের আরও দাবি, অভিযুক্ত মামুন দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতেন না। প্রায় পাঁচ বছর পর তিনি বাড়িতে এসে এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মামুনুর রশিদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
