ঢাকাSaturday , 20 June 2026

এক দশক পর ফুটবলে ফিরছেন রোনালদিনহো

Link Copied!

এক দশক পর ফুটবলে ফিরছেন রোনালদিনহো
ব্রাজিলিয়ান ফুটবল আইকন রোনালদিনহো হঠাৎ করেই ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনায় যোগ দিয়েছেন। প্রায় এক দশকেরও বেশি সময় পর এটি তার পেশাদার ফুটবলে চমকপ্রদ প্রত্যাবর্তন।

ক্লাবের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সাবেক এই ব্যালন ডি’অর জয়ীর ভূমিকা মূলত প্রচারণা ও মার্কেটিং কার্যক্রমেই সীমিত থাকার কথা ছিল। তবে ক্লাব কর্তৃপক্ষ ৪৬ বছর বয়সী এই তারকার মাঠে খেলার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করে দেয়নি।

রিপোর্ট অনুযায়ী, রোনালদিনহো ইতালির সিরি সি ক্লাব রাভেনার সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছেন। তাকে আনুষ্ঠানিকভাবে ২৩ জুন মিয়ামিতে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থাপন করা হবে।

এই চুক্তির মাধ্যমে তিনি আবারও ইতালিয়ান ফুটবলে ফিরছেন। এর আগে তিনি আড়াই মৌসুম এসি মিলানে খেলেছিলেন। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ পেশাদার ম্যাচ খেলার পর থেকে তিনি মূলত প্রদর্শনী ম্যাচ এবং লিজেন্ডস ইভেন্টেই অংশ নিয়েছেন। এবার তিনি কোচ আন্দ্রেয়া মন্দোরলিনির অধীনে রাভেনার ২০২৬-২৭ মৌসুমের পরিকল্পনায় যুক্ত হচ্ছেন।

রোনালদিনহোর সম্পৃক্ততা প্রচারমূলক দায়িত্বের বাইরেও বিস্তৃত হবে কিনা, তা নিয়ে দ্রুত প্রশ্ন ওঠে। রাভেনার সহ-সভাপতি আরিয়েদো ব্রাইদা প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি সিরি সি ম্যাচগুলোতে খেলবেন না। তিনি বলেন, ‘রোনালদিনহো আমাদের সঙ্গে একটি মার্কেটিং ইভেন্ট করবেন, কিন্তু তিনি সিরি সি-তে খেলবেন না। আর ৪৬ বছর বয়সে আমি চাইও না তিনি খেলুন।‘

তবে পরবর্তীতে তিনিই আবার রোনালদিনহোর মাঠে নামার সম্ভাবনা নিয়ে ভিন্ন কথা বলেন। আনসাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোনালদিনহো একজন চিরন্তন চ্যাম্পিয়ন। তিনি রাভেনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং আমাদের মতো ক্লাবের জন্য এটি অসাধারণ একটি অর্জন। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। তিনি কি খেলবেন? দেখা যাক, সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেটা আমি মাত্রই বললাম যে তিনি একজন চিরন্তন চ্যাম্পিয়ন।’

মাঠে তিনি খেলবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও রাভেনার প্রকল্পে যোগ দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত রোনালদিনহো। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি প্লেমেকার ক্লাবটির সমর্থকদের মধ্যে তার বিখ্যাত ‘জোগা বনিতো’ (সুন্দর ফুটবল) দর্শন ছড়িয়ে দিতে মুখিয়ে আছেন।

তিনি বলেন, ‘নতুন রং, একই হাসি। আমি আবার বলের জাদু দেখাতে মুখিয়ে আছি। আমি ইগনাজিও এবং সিপ্রিয়ানি পরিবারের সঙ্গে নতুন একটি গল্প লিখতে চাই। ফুটবল সবসময়ই আমার জন্য আনন্দের উৎস, এবং আমি সেই একই আনন্দ রাভেনায় ছড়িয়ে দিতে চাই।’

এখন পর্যন্ত তার মাঠে নামা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ২৩ জুন মিয়ামিতে আনুষ্ঠানিক উপস্থাপনার সময় তার ভূমিকা নিয়ে আরও বিস্তারিত জানা যেতে পারে। সবকিছু মিলিয়ে, তিনি মাঠে নামুন বা না নামুন রোনালদিনহোর উপস্থিতিই রাভেনার নতুন মৌসুমের অন্যতম বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।