ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

বাংলার সময় TV
জুলাই ১৫, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পানি নিষ্কাশনের কালভার্টের মুখে মাটি ভরাট করে বাড়ি নির্মাণ করায় বৃষ্টির পানি বের হতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানির নিচে ডুবে আছে প্রায় এক হাজার একর আবাদি জমি। তলিয়ে গেছে স্কুল, চলাচলের সড়ক, বসতবাড়ি ও বাগান। বন্ধ হয়ে গেছে একটি গ্রামের শিশুদের স্কুলে যাওয়া-আসা।

জানা গেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের সতিপুরি মৌজায় স্থানীয় সরকার বিভাগের ক্ষুদ্র পানি প্রকৌশল প্রকল্পের আওতায় প্রায় ৩০ বছর আগে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। বাঁধের ভেতরে রয়েছে প্রায় এক হাজার একর আবাদি জমি, চারটি গ্রাম, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সড়ক। সড়কটি দিয়ে দুটি গ্রামের শিশু শিক্ষার্থীরা স্কুলে যাওয়া-আসা করে। পানি নিষ্কাশনের জন্য বাঁধটির পশ্চিম অংশে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল।

দীর্ঘদিন কালভার্ট দিয়ে পানি গড়ালেও এখন সেটি বন্ধ। ছয় মাস আগে কালভার্টের মুখে মাটি ভরাট করে দুটি বাড়ি নির্মাণ করেছে জমির মালিক দুই ভাই সোনাউল্লাহ ও আমান উল্লাহ। তখন থেকে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ওই এলাকায়। এতে সতিপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ বিদ্যালয়ে আসা-যাওয়ার সংযোগ সড়ক পানিতে ডুবে গেছে।

জলাবদ্ধতার জন্য দুর্ভোগে পড়েছে ছড়ার পাড়, উত্তর সতিপুরি, দক্ষিণ সতিপুরি ও ব্যাপারীটারী গ্রামের মানুষ। অনেকের বাড়িতে উঠেছে পানি। বসতবাড়ির বাগানে পানি ওঠায় নষ্ট হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। জলাবদ্ধতায় অনেক বাড়ির ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।