ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬

স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে উঠবে ট্রফি? সুপার কম্পিউটারের চাঞ্চল্যকর পূর্বাভাস

বাংলার সময় TV
জুলাই ১৬, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল বিশ্বের চোখ এখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপসেরা ও কোপা আমেরিকা জয়ী দুই দল। আর্জেন্টিনা ও স্পেনের এই ব্লকবাস্টার ফাইনালের আগে কে জিতবে শিরোপা? তা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আর এই উত্তেজনার মাঝে ডাটা অ্যানালাইসিস প্রযুক্তি ‘অপটা সুপার কম্পিউটার’ হাজির করেছে তাদের গাণিতিক পূর্বাভাস।

সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের লড়াইয়ে শিরোপা ঘরে তোলার দৌড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে ইউরোপের পরাশক্তি স্পেন। তাদের জয়লাভের সম্ভাবনা ৪৫.১ শতাংশ। অন্যদিকে, লিওনেল মেসির আর্জেন্টিনা নির্ধারিত সময়ে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার সম্ভাবনা দেখছে ২৯.৪ শতাংশ। তবে ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪ শতাংশ।

সুপার কম্পিউটারের এই পূর্বাভাস নিয়ে অবশ্য ফুটবল ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সুপার কম্পিউটারের বেশিরভাগ প্রেডিকশন নির্ভুল থাকলেও, সেমিফাইনালের ক্ষেত্রে তার কোনোটিই মেলেনি। ফলে আর্জেন্টিনা সমর্থকরা আশায় বুক বাঁধছেন যে, মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত সুপার কম্পিউটারের হিসেব বদলে দেবে।

ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে, ২০১০ সালের পর নিজেদের দ্বিতীয় ট্রফি ঘরে তোলার মিশনে স্পেন। একদিকে মেসির শেষ বিশ্বকাপ জয়ের কাব্যিক সমাপ্তি, অন্যদিকে তরুণ স্প্যানিশদের অদম্য ছন্দ—সব মিলিয়ে ১৯ জুলাইয়ের রাত ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক রূপকথার সাক্ষী।

ফুটবল মাঠে হিসেব-নিকেশের চেয়েও অনেক সময় আবেগ ও অদম্য জেদ বড় ভূমিকা রাখে। সুপার কম্পিউটার যাই বলুক, মেটলাইফ স্টেডিয়ামে শেষ হাসি কে হাসবে, তা দেখার জন্য বিশ্ববাসীর অপেক্ষা এখন মাত্র কয়েকটা দিনের।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।